[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারাগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান

প্রকাশঃ
অ+ অ-
ভোরে অগ্নিকাণ্ডে রংপুরেের তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই হয়ে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার ভোর ৪টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখা যায়। সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা লোকজন আগুন দেখতে পেয়ে বাজারের দিকে ছুটে যান। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন। এরই মধ্যে আগুনে তিনটি দোকান পুরোপুরি পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়ার। আগুনে তাঁদের দোকানের সব মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাটের পাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাহিবুল ইসলাম বলেন, ‘সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী লালচাঁদ বলেন, ‘রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে গেছি। সাহ্‌রির জন্য উঠেছি, তখন বাজার মসজিদের মাইকে ঘোষণা শুনি বাজারে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটা জিনিসও বাঁচাতে পারিনি।’

তারাগঞ্জ দমকল বাহিনীর কর্মী হিরো ইসলাম মুঠোফোনে জানান, বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর তাঁরা পান ভোর ৪টা ১৭ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়। তবে পরে আবার ফোনে জানানো হয় যে আগুন নিভে গেছে, তাই মাঝপথ থেকেই তাঁদের ফিরে আসতে হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন