পুলিশের অভিযানে গড়াগড়ি, হাসপাতালে নেওয়ার পর যুবলীগ কর্মীর মৃত্যু
![]() |
| যুবলীগ কর্মী দিদারুল আলম | ছবি: ভিডিও থেকে নেওয়া |
শরীরে জামা নেই, যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন এক যুবক। এপাশ-ওপাশ করতে করতে মাটি আঁকড়ে ধরছিলেন তিনি। অসংলগ্ন কথার একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার দুইটা বাচ্চা আছে স্যার।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টায় চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে থাকা ওই যুবকের নাম দিদারুল আলম। অভিযানের সময় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, একাধিক মামলার আসামি দিদারুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি সঙ্গে থাকা কিছু ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন। এতে গুরুতর অসুস্থ হয়ে তিনি মারা যান।
নিহত দিদারুল আলম পাহাড়তলী থানা যুবলীগের কর্মী। শনিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁর মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।
এম মিজানুর রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দিদারুল মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘মোবাইল দেন, টাকা দেন, আমার দুইটা বাচ্চা আছে স্যার।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নগর পুলিশের ‘এস ড্রাইভ’ নামের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে দিদারুল তাঁর সঙ্গে থাকা ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলেন। পুলিশ যখন তাঁর সন্ধান পায়, তখন তিনি মাটিতে গড়াগড়ি করছিলেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহত দিদারুলের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ইয়াবা খাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। দিদারুলের বিরুদ্ধে খুন ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

Comments
Comments