[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কানাইঘাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

প্রকাশঃ
অ+ অ-
আগুনে পুড়ে গেছে কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. তজমুল আলীর বাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন   

সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তজমুল আলীর। তাঁর ছেলের দাবি, দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে আগুন দিয়েছে। এতে বাড়ির সব আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট সদরের নিজচৌরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেটের কানাইঘাট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদির বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত সাড়ে ৮টায় আগুন নেভানোর কাজ শেষ হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ কাজে অংশ নেয়। বাড়ির মালিক জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তজমুল আলীর ছেলে আখতার আলম বলেন, তাঁর বাবা আওয়ামী লীগের রাজনীতি করেন এবং বর্তমানে অসুস্থ। বাবার চিকিৎসার জন্য রমজানের শুরুর দিকে তাঁরা পরিবার নিয়ে কানাইঘাট উপজেলা বাজার-সংলগ্ন বাসায় উঠেছেন। এ কারণে বাড়িতে কয়েক দিন ধরে কেউ ছিলেন না। সেই সুযোগে গত শুক্রবার ইফতারের সময় দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির সবকিছু পুড়ে গেছে।

আখতার আলম জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচাদের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। গত শুক্রবার আগুন নেভানোর পর আজ সকালে সেই পুরোনো বাড়িতে গেলে তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি যেভাবে ছড়ানো হচ্ছে, আসলে তেমন নয়। আওয়ামী লীগ করতেন বলে কেউ আগুন দিয়েছেন—এমনটি মনে হচ্ছে না। আগুন লাগার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওই পরিবারের নিজেদের মধ্যে ঝামেলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন