[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে লাশ উদ্ধারে গিয়ে এলাকাবাসীর হামলা, আহত তিন পুলিশ সদস্য

প্রকাশঃ
অ+ অ-
পুলিশের পিকআপের কাচ ভাঙচুর করা হয়। আজ শুক্রবার সকালে নাটোরের সিংড়ার থেলকুড় গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক তরুণের লাশ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—সিংড়া থানার এসআই নেজাম ইসলাম, কালীগঞ্জ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম। কনস্টেবল আশরাফুলকে বগুড়ার নন্দীগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এবং বাকি দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মাড়াইয়ের গাড়ি নিয়ে মাঠে নামার সময় উল্টে গিয়ে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসার পর সিংড়া থানা-পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ থানায় নিতে চাইলে এবং প্রয়োজনীয় সনদ জমা দিয়ে দাফনের অনুমতি নিতে বললে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে তিন সদস্যকে মারধর করেন এবং পুলিশের পিকআপের কাচ ভাঙচুর করেন। পরে সিংড়া থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর বলেন, একটি অপমৃত্যুর খবর পেয়ে পুলিশ তথ্য সংগ্রহ ও লাশ উদ্ধারে থেলকুড় গ্রামে গিয়েছিল। সেখানে স্থানীয় কিছু লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন