[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়

প্রকাশঃ
অ+ অ-
সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার ভাইয়ের টাকা সংগ্রহ করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই উদ্যোক্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গতকাল বুধবার রাতে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েক দিন ধরে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নিচ্ছিলেন। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে টাকা নেওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করলে দীপু দাস টাকা ফেরত দিতে বাধ্য হন।

ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা দীপু দাসকে ঘিরে বেশ কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন। টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখা। ভিডিও ধারণকারী ব্যক্তি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নেওয়া হয়েছে। পরে দীপু দাস ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেন। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছিল এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যদিও ইউপি উদ্যোক্তার পদটি সরাসরি সরকারি কোনো পদ নয়, তবুও এ ঘটনায় শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন