[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাউজানে বৌদ্ধবিহারে আগুন, অধ্যক্ষের দাবি নাশকতা

প্রকাশঃ
অ+ অ-
রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল তালুকদারপাড়া সংঘরাজ বিহার | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুরখীল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে এ ঘটনা ঘটে। বিহারের অধ্যক্ষের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিহারে আগুন দিয়েছে। তবে পুলিশের ধারণা, আগুনের সূত্রপাত দুর্ঘটনা থেকে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক চারটার দিকে শব্দ শুনে উঠে দেখেন বিহারে আগুন জ্বলছে। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাউজান থানার উপপরিদর্শক মামুন ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু বলেন, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত অগ্নিসংযোগ। বৌদ্ধধর্মীয় গুরুর ছবি, ধর্মীয় লেখা থাকা ব্যানারসহ বিভিন্ন ছবি ও বিহারের বেড়া পুড়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি আরও বলেন, গত রাতে বিহারের দরজায় বাইরে থেকে ধাক্কা দেওয়া হয়। বাইরে কে জানতে চাইলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর রাতেই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। আমাদের ধারণা, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন