ঈদে বাড়ি ফেরা হলো না ভাই-বোনের, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
![]() |
| দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। বুধবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার ছোনকা এলাকায়, ঢাকা–বগুড়া মহাসড়কে।
নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মমিনুল ইসলাম (৫৫), তাঁর বোন শিউলি বেগম (৪৫) এবং একই এলাকার কিশোরী মোছা. তায়েবা (১৫), শহিদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী মাইক্রোবাসটিতে চালকসহ ১৪–১৫ জন যাত্রী ছিলেন। দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারান, ফলে গাড়িটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নূর হোসেন জানান, মাইক্রোবাসে থাকা ১৪–১৫ জন যাত্রী ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। চালক ঘটনাস্থল থেকে সটকে পড়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments
Comments