মধ্যপ্রাচ্যের ৬ দেশে প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি
![]() |
| বিস্ফোরণের পর বাহরাইনের রাজধানী মানামায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে | ছবি: সংগৃহীত |
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলো। দেশগুলো হলো—লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক।
শনিবার দেওয়া বিজ্ঞপ্তিতে এই ছয় দেশে থাকা প্রবাসীদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে থাকা এবং গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। প্রবাসীদের অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ না কাটা পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ বা জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।
সব কটি দূতাবাসই নিজ নিজ দেশের সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসীদের বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় পরিচয়পত্র (আইডি কার্ড), স্বাস্থ্য কার্ড বা বিমা, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কয়েকটি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা ওই সব দেশের আইনের পরিপন্থী। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি), রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এছাড়া রাতে চলাচল না করা এবং সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের নির্দিষ্ট হটলাইন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে:
লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ)– ৭১২১৭১৩৯, হেল্প লাইন– ৮১৭৪৪২০৭, হটলাইন– ৭০৬৩৫২৭৮
কাতার: হটলাইন– +৯৭৪ ৩৩৩৬২০০০। ই–মেইল: mission.doha@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ই–মেইল: mission.abudhabi@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩। ই–মেইল: mission.dubai@mofa.gov.bd
বাহরাইন: হেল্পলাইন– +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ই-মেইল: mission.manama@mofa.gov.bd
কুয়েত: হটলাইন– +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১। ই–মেইল: mission.kuwait@mofa.gov.bd
ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ)– +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০। ই–মেইল: mission.baghdad@mofa.gov.bd

Comments
Comments