ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার
![]() |
| বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের | ছবি: সংগৃহীত |
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।
ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি হেফাজতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

Comments
Comments