[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড়িতে ঢুকে তিনজনকে ছুরিকাঘাত, গণপিটুনিতে হামলাকারী নিহত

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে তিনজনকে ছুরিকাঘাত করার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে হামলাকারী এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন। নিহত যুবকের নাম মো. নীরব (২৬)। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় স্থানীয়দের পিটুনিতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলা ও মারামারির পেছনে মাদক নিয়ে পূর্ববিরোধ ছিল।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালেই আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রুবেল মাঝির বাড়িতে দুই সহযোগীসহ হামলা চালান একই এলাকার মো. গণি মাঝির ছেলে নীরব। তারা তিনজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

ঘটনার খবর পেয়ে আশপাশের মানুষ এগিয়ে এসে নীরব ও তার সহযোগীদের ধাওয়া দেন। দুই সহযোগী পালিয়ে গেলে নীরবকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মাদক নিয়ে ঝামেলার জেরে নীরব আজ সকালে দুই সহযোগী নিয়ে রুবেল মাঝির বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা ধাওয়া দিয়ে নীরবকে আটক করে পিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।”

ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এছাড়া যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন