[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরগুনায় ঘর থেকে নারীর মুখ থেঁতলানো লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

বরগুনায় নিজ ঘরে লোহার শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত গৃহবধূর নাম আলম তাজ (৪৪)। তিনি ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আলম তাজ নিজ বাড়িতে একা ছিলেন। কে বা কারা ঘরে ঢুকে লোহার শাবল দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। শাবল দিয়ে বারবার আঘাত করে তাঁর মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে স্বজন ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাঈম হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, খবর শুনে শুক্রবার ইফতারের পর তিনি ওই বাড়িতে এসে আলম তাজের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর জানামতে, পরিবারটির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এমনকি ওই নারীর শরীরে থাকা স্বর্ণালংকারও খোয়া যায়নি। নিহত নারীর ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন।

চম্পা নামে নিহতের এক স্বজন বলেন, তিনি প্রথমে শুনেছিলেন ওই বাড়িতে আগুন লেগেছে। পরে আশপাশের মানুষ জড়ো হয়ে দেখেন ঘরের বারান্দায় আলম তাজের মরদেহ পড়ে আছে।

নিহত নারীর মা ছায়াতন বেগম বলেন, ‘আমি মেয়ের বাড়িতে থাকি না। কী কারণে কী হয়েছে, তা কিছুই জানি না। জামাই অসুস্থ—এমন খবর দিয়ে আমাকে ডাকা হয়েছিল। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কারা যেন মেরে ফেলেছে।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম জানান, এই ঘটনায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই নারীর স্বামী আবুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহ্উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিপার্শ্বিক অবস্থা যাচাই শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে ধারালো নয় এমন একটি লোহার তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা দিয়ে আঘাত করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন