[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘কুষ্টিয়া এখন গফুরের হাতের ভিতর’, এমপির ভাইয়ের ভিডিও ঘিরে তোলপাড়

প্রকাশঃ
অ+ অ-
কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের ভাই আব্দুল মান্নান এলাকাবাসীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বুধবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামে | ছবি : ভিডিও থেকে নেওয়া

‘সেই সব গরমের যুগ নাই। এখন মনে করবি কুষ্টিয়া এখন গফুরের হাতের ভিতর। কুষ্টিয়া জেলা গফুরের হাতের মধ্যিই। ভাবিছো কি, আমার চালককে মারতি যাবা আর আমি বসে তামাক খাবো।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে এমন কথা বলতে শোনা যাচ্ছে। কথাগুলো বলছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের ভাই আব্দুল মান্নান।

১৭ সেকেন্ডের এই ভিডিও চিত্রটি ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিরপুর উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা থেকে কালিতলা পর্যন্ত পৌনে চার কিলোমিটার পাকা রাস্তার মেরামতের কাজ চলছে। ৩ কোটি ৭৬ লাখ টাকায় কাজটি পায় কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান চঞ্চল ট্রেড ইন্টারন্যাশনাল। চুক্তি অনুযায়ী রাস্তার কাজে এক নম্বর ইট ব্যবহার করার কথা।

বুধবার সকাল ১০টার দিকে অঞ্জনগাছী গ্রামে ওই সড়কের উন্নয়নকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে কাজে বাধা দেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে ইটভাটার মালিক ও সংসদ সদস্যের ভাই আব্দুল মান্নান ছুটে যান। তিনি এলাকাবাসীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি বলেন, ‘সেই সব গরমের যুগ নাই। এখন মনে করবি কুষ্টিয়া এখন গফুরের হাতের ভিতর। কুষ্টিয়া জেলা গফুরের হাতের মধ্যিই। ভাবিছো কি, আমার চালককে মারতি যাবা, আর আমি বসে তামাক খাবো।’

তবে নিজের বক্তব্যের বিষয়ে আব্দুল মান্নান দাবি করেন, ‘নিম্নমানের ইট আমি সরবরাহ করিনি, বরং স্থানীয় বিএনপির লোকজন চাঁদার দাবিতে কাজে বাধা দিচ্ছেন। আপনারা এসে দেখে বিচার করেন, আমি কয় নম্বর ইট দিচ্ছি। ইটের গাড়ি কাজের এলাকায় আসলে আমার চালকের সঙ্গে হেলাল নামের স্থানীয় একজন খারাপ আচরণ শুরু করে।’

আব্দুল মান্নান আরও বলেন, ‘যে ঠিকাদার কাজ করছেন তিনি নতুন। আমার সাথে ভালো সম্পর্ক। তাঁর একটি কাজ আমি কিনতেও চেয়েছিলাম। তবে আমি মানছি এমপিকে নিয়ে যে কথা বলেছি, তা বলা আমার ঠিক হয়নি।’

এদিকে রাত ৯টার দিকে সংসদ সদস্য আব্দুল গফুর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কাটছাঁট করা ও সম্পাদিত ভিডিও প্রচার করা হয়েছে। তাঁর ভাই আব্দুল মান্নানের একটি কথোপকথনের অংশ ব্যবহার করে ঘটনাটিকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা চলছে। বিষয়টি দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। একটি ঘটনার ছোট অংশের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি তৈরি করা যায়। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

জানতে চাইলে কাজের দেখভালের দায়িত্বে থাকা সহকারী ঠিকাদার সাবু বলেন, রাস্তার কাজে কোনো খারাপ ইট ব্যবহার করা হচ্ছে না। স্থানীয় লোকজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে। মিলেমিশে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান বলেন, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগটি সঠিক নয়। এটি রাজনৈতিক দ্বন্দ্ব। সংসদ সদস্যের ভাই ঠিকাদারকে ইট সরবরাহ করছেন বলে রাজনৈতিক প্রতিপক্ষ বাধা দিয়েছিল। পরে নিজেরা বসে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন