[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাবিতে ছাত্রশিবিরের ইফতার মাহফিলে বিশৃঙ্খলা ও খাবার সংকট

প্রকাশঃ
অ+ অ-
জাবিতে শিবিরের ইফতার অনুষ্ঠানে বিশৃঙ্খলা | ছবি: পদ্মা ট্রিবিউন   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবির আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে খাবার সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ইফতার সামগ্রী না পেয়ে উপস্থিত অর্ধেকের বেশি শিক্ষার্থী ফিরে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করা হয়।

মাঠে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, ইফতার বিতরণে শৃঙ্খলার অভাব ছিল স্পষ্ট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ইফতার পাননি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের লাইন থেকে অধিকাংশ শিক্ষার্থী ইফতার না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।

এ ছাড়া আয়োজনে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগতদের উপস্থিতি ছিল। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী তাহেদুর সাদিক তৌহিদ বলেন, তাঁর পাশে থাকা এক শিক্ষার্থী একাধিকবার খাবার নিয়েছেন। এভাবে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ায় সংকট আরও বেড়েছে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাজহারুল ইসলাম বলেন, গত বছর প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল। এবার সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর উপস্থিতি হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন বড় আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন