টঙ্গী বাজারে মার্কেটে আগুন, পুড়েছে ১৫ দোকান
![]() |
| টঙ্গী বাজার এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের টঙ্গী বাজার এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস) ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী ও দমকল কর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
টঙ্গী দমকল স্টেশনের কর্মকর্তা শাহীন আলম বলেন, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা ও থাই অ্যালুমিনিয়ামসহ দ্রুত জ্বলে ওঠে এমন পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

Comments
Comments