শরীয়তপুরে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা
![]() |
| শরীয়তপুরে ৭ মার্চ উপলক্ষে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত |
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা মোমবাতি জ্বালিয়ে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।’
ভিডিওতে নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘৭ মার্চের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় তারা ‘আমাদের ধমনিতে মুজিবের রক্ত, এই রক্ত কোনোদিনও বৃথা যেতে দেব না’, ‘শেখ হাসিনা কথা দিলাম রাজপথ দখলে নিলাম’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’—এমন সব স্লোগানও দেন।
কর্মসূচিতে শরীয়তপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে অনেকের মুখে মাস্ক ছিল। নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর একটি মালা পরানো ছবি সামনে রেখে এবং মোমবাতি জ্বালিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

Comments
Comments