[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে মাদারীপুরে শ্বশুরবাড়িতে আগুন ও লুটপাট

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুর সদর উপজেলায় সাথী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার উত্তর মহিষেরচর এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে উত্তর মহিষেরচর গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারীর সঙ্গে একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের মাত্র তিন দিনের মাথায় কাইয়ুম প্রবাসে চলে যান। সাথীর স্বজনদের অভিযোগ, এরপর থেকেই তাঁর ওপর মানসিক নির্যাতন শুরু হয়। তাঁদের দাবি, সাথীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।

গতকাল বেলা ১১টার দিকে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। রাতে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন সাথীর শ্বশুরবাড়িতে চড়াও হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত পরিবারের সদস্যরা সকাল থেকেই পলাতক থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে উত্তেজিত জনতা ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

একপর্যায়ে বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই দোতলা ভবনসহ বসতঘরের বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনা এবং পরবর্তীতে অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন