[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়াইলে ইজারাবহির্ভূত জায়গায় চলছিল বালু উত্তোলন

প্রকাশঃ
অ+ অ-
নবগঙ্গা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নড়াইলের কালিয়া উপজেলায় ইজারার বাইরে থাকা জায়গা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে ধরা হয় অভিযুক্ত ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় নবগঙ্গা নদীতে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

অভিযুক্ত আজিজুল হক (৫৪) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের মো. আইজউদ্দীনের ছেলে। তিনি নড়াইলের কালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের কার্যস্থল ব্যবস্থাপক (সাইট ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বৃ-হাচলা এলাকায় নবগঙ্গা নদীতে একটি বালুমহাল রয়েছে, যা সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে। তবে অভিযোগ ছিল যে, ইজারা নেওয়া প্রতিষ্ঠান 'ইতি এন্টারপ্রাইজ' নির্ধারিত মৌজা থেকে বালু না তুলে মাঝেমধ্যে অন্য স্থান থেকে বালু তুলছিল। এই অভিযোগের ভিত্তিতে দুপুরে বড়কালিয়া এলাকায় সহকারী কমিশনার শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ইজারার বাইরে থাকা স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চারটি যন্ত্র (মেশিন) চলতে দেখা যায়। তাৎক্ষণিক ওই যন্ত্রগুলো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের তদারকির দায়িত্বে থাকা আজিজুলকে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার শ্রাবণী বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে সরাসরি ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু তোলার প্রমাণ পাওয়া গেছে। এই সময় তদারককারীকে দুই লাখ টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গেই আদায় করা হয়। একই সঙ্গে তারা মুচলেকা দিয়েছে যে, আর কখনো ইজারা নেওয়া জায়গার বাইরে থেকে বালু তুলবে না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন