এপ্রিলের শুরুতে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক
![]() |
| পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে |
আগামী মাসের শুরুতে ঢাকায় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৪তম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকে চীনের নেতৃত্ব দিতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বেইজিং থেকে এটিই হতে যাচ্ছে ঢাকায় প্রথম উচ্চপর্যায়ের সফর।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরের বিষয়টি জানান। পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আলোচনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর নতুন পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী দেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি তৈরি করবে।

Comments
Comments