সীতাকুণ্ডে খামারে আগুন: পুড়ে ছাই ২৩টি গরু-ছাগল
![]() |
| আগুনে পুড়ে যাওয়া খামার। আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় আগুনে পুড়ে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল মারা গেছে। একই আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া খামারটির নাম ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’। খামারের মালিক হাবিবুর রহমান জানান, তাঁর খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। রাতে খামারের পাশের একটি মুদির দোকান থেকে আগুনের শুরু হয়। এ সময় খামার থেকে একটি গরু বের করা গেলেও বাকি গরু-ছাগল আগুনে পুড়ে মারা যায়। তিনি বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু তাদের সদস্যরা প্রায় পৌনে দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তারা ঘটনার খবর পান। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে রওনা দেয়। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার কথা বলেছেন। কিন্তু ঘটনাস্থলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়নি।

Comments
Comments