শরীয়তপুরে খাসজমিতে নির্মিত আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় উচ্ছেদ
![]() |
| শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনি বাজারের সরকারি জমি থেকে আওয়ামী লীগ (ডানে) ও বিএনপির পৃথক কার্যালয়ের অবকাঠামো ভেঙে দিয়েছে প্রশাসন | ছবি: পদ্মা ট্রিবিউন |
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মিত আওয়ামী লীগ ও বিএনপির দুটি দলীয় কার্যালয় উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় প্রথমে শ্রমিক দিয়ে বিএনপির টিনশেড কার্যালয়টি ভেঙে ফেলা হয়। এরপর একটি এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের একতলা পাকা ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারটি ১০৩ নম্বর চর লক্ষ্মীনারায়ণ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমির ওপর অবস্থিত। এর একটি অংশ তোহা বাজার (কৃষিপণ্য বিক্রির জায়গা) শ্রেণির জমি। প্রায় ৪০ বছর আগে ওই খাসজমির ২১২ নম্বর দাগে টিনের ঘরে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়, যা পরে পাকা ভবনে রূপান্তর করা হয়। গত বছর একই এলাকায় টিন দিয়ে বিএনপির একটি কার্যালয়ও নির্মাণ করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের ওই অংশে আগে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতেন। দলীয় কার্যালয় নির্মাণের ফলে কৃষকেরা সেখানে বসতে পারছিলেন না এবং বাধ্য হয়ে সড়কের ওপর পণ্য বিক্রি করছিলেন।
রুদ্রকর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ঢালী বলেন, ‘প্রশাসন কোনো আগাম নোটিশ না দিয়েই বিএনপির কার্যালয় ভেঙে দিয়েছে। পরে স্থানীয় মানুষের চাপের মুখে আওয়ামী লীগের কার্যালয়টিও ভাঙা হয়। তবে ভাঙা নির্মাণসামগ্রী এখনো সরানো হয়নি, এতে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।’
রুদ্রকর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কৃষিপণ্য বিক্রির জায়গা দখল করে দুটি রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ করা হয়েছিল। জেলা প্রশাসনের নির্দেশে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। খুব দ্রুতই সেখান থেকে ভাঙা ইঁট ও টিন সরিয়ে নেওয়া হবে।

Comments
Comments