[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে আহত শিক্ষকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
আবু ছাঈদ মোগল | ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলশিক্ষক আবু ছাঈদ মোগল (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার ১৮ দিন পর বুধবার সন্ধ্যায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।

নিহত আবু ছাঈদ মোগল শিবপুর উপজেলার মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে আবু ছাঈদের একটি কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৯ ফেব্রুয়ারি সকালে ওই জমিতে গেলে আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপিকে বাধা দেন স্বপন। একপর্যায়ে তাকে মারধর শুরু করলে চিৎকার শুনে বাবা আবু ছাঈদ ঘটনাস্থলে ছুটে যান। তখন স্বপন ও তার ছোট ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আবু ছাঈদের বাম পায়ের রগ কেটে দেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ দিন লড়াই করার পর গতকাল তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রোকেয়া লিপি বলেন, ‘১৮ দিন হাসপাতালে থাকার পর গতকাল সন্ধ্যায় বাবা মারা গেছেন। তার মরদেহ এখন ময়নাতদন্তের জন্য মর্গে আছে। যারা বাবাকে কুপিয়ে হত্যা করেছেন, আমি তাদের বিচার চাই। শুনেছি, অভিযুক্ত দুজন কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছেন।’

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, হামলার ঘটনায় আগে করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার এজাহারভুক্ত দুই আসামি স্বপন মোগল ও কিরণ মোগল গত মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছেন। র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর তারা বর্তমানে কক্সবাজার সদর থানা হেফাজতে আছেন। তাদের শিবপুরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন