খেলোয়াড়দের ডিজিটাল পরিচয় ও ভাতা প্রদান কার্যক্রমের যাত্রা শুরু
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়। এ সময় তিনি ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব–উল–আলম।
এরপর ক্রীড়াবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে দেশের ক্রীড়া অঙ্গনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরা হয়।
খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন, নতুন খেলার মাঠ তৈরি এবং তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাও ভিডিওতে তুলে ধরা হয়।
এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ’ গান।
২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন। এই কার্যক্রম দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা করেছে। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগান বাস্তবে রূপ পায়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অনুযায়ী বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ এখন থেকে বেতনকাঠামোর আওতায় আসবেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এ তালিকার বাইরে থাকবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন, তাদের পারফরম্যান্স প্রতি চার মাস পর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স ভালো থাকলে সুবিধা অব্যাহত থাকবে, কম থাকলে তালিকা থেকে বাদ পড়বেন।
এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতনকাঠামোর আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখ।

Comments
Comments