বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরির ঘটনা, বৈদ্যুতিক তার গায়েব
![]() |
| বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, আমলাপাড়া এলাকায় চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে আইজিপি থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া আছে। সোমবার রাতের কোনো এক সময়ে চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাতভর বৈদ্যুতিক সংযোগ বন্ধ ছিল। পুলিশ খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ পুনঃস্থাপন করেছেন।
পুলিশ জানায়, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক দল মাঠে কাজ করছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারিদোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সুযোগ নিয়ে চোর চক্র আইজিপির চারতলার বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে তারা মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

Comments
Comments