[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার কথা ছিল যার, মিলল সেই প্রবাসীর ঝুলন্ত লাশ

প্রকাশঃ
অ+ অ-
আত্মহত্যা | প্রতীকী ছবি

কাতারপ্রবাসী নজরুল ইসলাম (৩৩) ছুটি নিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। শুক্রবার তাঁর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নজরুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায়। এই ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম গত চার-পাঁচ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন। গত ২০ জানুয়ারি তিনি ছুটি নিয়ে দেশে ফেরেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বাড়ির আঙিনায় আলাদা একটি কাঁচা ঘরে তিনি থাকতেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ফুলতলা বাজার থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢোকেন নজরুল। সাহ্‌রির সময় তাঁকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে তিনি ঝুলছেন। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নজরুলের বড় ভাই কামরুল ইসলাম বলেন, নজরুলের বিয়ের জন্য সম্প্রতি একটি পাত্রী পছন্দ করা হয়েছিল। শুক্রবার ওই পাত্রীর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল। কিন্তু নজরুল কেন এমন পথ বেছে নিলেন, তা তাঁরা বুঝতে পারছেন না।

জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে নজরুলের গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন