[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রংপুরে এনসিপির ইফতার মাহফিলে ছাত্রশক্তির হামলা, যুবশক্তির ৫ নেতা আহত

প্রকাশঃ
অ+ অ-
হামলায় আহত জাতীয় যুবশক্তির দুই সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ ও লেমন শাহ রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন

রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে জাতীয় যুবশক্তির নেতাকর্মীদের ওপর মহানগর ছাত্রশক্তির কয়েকজন নেতার হামলা চালানোর অভিযোগ উঠেছে। যুবশক্তির নেতাদের দাবি, হামলায় তাঁদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সন্ধ্যায় রংপুর নগরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলের প্রবেশপথে অভ্যর্থনার দায়িত্বে ছিলেন রংপুর মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা। এনসিপির রংপুর মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন অভিযোগ করেন, কাউনিয়া-পীরগাছার যুবশক্তির পাঁচ কর্মী দাওয়াত কার্ড ছাড়া আসায় ছাত্রশক্তির নেতারা তাঁদের ঢুকতে বাধা দেন। আলমগীর নয়ন তাঁদের ভেতরে নিতে চাইলে ছাত্রশক্তির নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন।

আলমগীর নয়নের অভিযোগ, ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব ফারহান তানভীর (ফাহিম) ও যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়সহ কয়েকজন তাঁকে দুই দফায় ধাক্কা দেন। তাঁকে বাঁচাতে গেলে যুবশক্তির জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান ও বদরগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আকাশ ইসলামকে মারধর করা হয়।

রংপুর মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদের নির্দেশে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠলেও ইমতিয়াজ আহম্মদ দাবি করেন, এটি নিজেদের মধ্যে ছোটখাটো একটি বিশৃঙ্খলা ছিল, যা পরে সমাধান করা হয়েছে।

তবে যুবশক্তির নেতাদের অভিযোগ, হামলার প্রতিবাদ করায় ইফতারের পর যুবশক্তির মহানগরের সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরকে দুই দফায় মারধর করেন ফারহান তানভীর, রাজিমুজ্জামান হৃদয়সহ ছাত্রশক্তির আরও কয়েকজন নেতাকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন মোতাওয়াক্কিল বিল্লাহ জানান, তাঁকে টেবিলের কাঠ দিয়ে মারধর করা হয়েছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে জেলা যুবশক্তির লেমন শাহ ও জেলা ছাত্রশক্তির সীমান্ত হোসেনসহ আরও কয়েকজন হামলার শিকার হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব ফারহান তানভীর বলেন, ‘তেমন কিছু হয়নি। মারামারি দুই পক্ষের মধ্যেই হয়েছে।’ রাজিমুজ্জামান দাবি করেন, কাউকে আঘাত করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি অভ্যন্তরীণভাবে মীমাংসা করা হবে।

এ বিষয়ে এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন