মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলা, নিহত ১
![]() |
| মারধর | প্রতীকী ছবি |
বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৮) নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে কাউসার আলী (২৫)সহ আরও একজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটে নাটোর শহরের কান্দিভিটা কদমতলা এলাকায় রাত দেড়টার দিকে। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার পর ঘরবাড়ি ফেলে আত্মগোপনে গেছেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে কান্দিভিটা কদমতলা এলাকায় আবুল কালামের বাড়ির পাশে আল হাফিজ নামে একজনের বাড়ি হয়। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রাখায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। গত শনিবার আবুল কালামের ছেলে কাউসার আলী বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে ঢোকে।
এরপর আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নিতে গেলে মোটরসাইকেলের একটি সাইড লাইট ভেঙে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ক্ষতি পূরণের শর্তে মীমাংসা হয়।
রাত দেড়টার দিকে ওই বাড়ির পাশের একটি চায়ের দোকানে কাউছারের মামা শাহীন আলী চা খাচ্ছিলেন। এ সময় ক্ষতিপূরণের টাকা পরিশোধ না হওয়ায় আল হাফিজের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কালাম ও কাউসারও সেখানে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন।
এরপর আল হাফিজের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আবুল কালাম, কাউসার ও শাহীন গুরুতর আহত হন। প্রথমে তাদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। অন্য দুজন সেখানে ভর্তি রয়েছেন।
সদর হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ জানান, তিনজনের শরীরে গুরুতর আঘাত ছিল। তবে আবুল কালামের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্তরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের ধরার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

Comments
Comments