গাড়ির চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, তবে স্বস্তিতে ফিরছে মানুষ
![]() |
| ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সোমবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে এ মহাসড়কে যানজট নেই। আজ মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সোমবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে এই মহাসড়কে কোনো যানজট নেই। রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।
পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকলেও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কোথাও যানজট হয়নি।
সকালে সরেজমিনে দেখা গেছে, যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। তাই গাড়ির গতি কিছুটা ধীর থাকলেও কোথাও যানজট নেই। টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের রাবনা মোড়ে জ্বালানি সাশ্রয়ী গ্যাস স্টেশনে পাবনাগামী একটি ছোটো বাসের চালক খোরশেদ আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে সাড়ে ১০টায় টাঙ্গাইলে পৌঁছেছেন। যানবাহনের চাপ থাকায় সময় কিছুটা বেশি লেগেছে, তবে কোথাও যানজটে আটকে থাকতে হয়নি।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ বলেন, মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন আছে। সড়কে কোনো দুর্ঘটনা বা যানবাহন বিকল হয়ে চলাচল বিঘ্নিত না হলে যানজটের আশঙ্কা নেই।
যমুনা সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, ২৪ ঘণ্টায় পার হওয়া ৩৫ হাজার ৬৫৮টি যানবাহনের মধ্যে ঢাকাগামী ছিল ১৫ হাজার ৫৮৩টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তেই দুটি করে বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

Comments
Comments