কেপি শর্মা ওলিকে গ্রেপ্তারের ঘটনায় নেপালের বিভিন্ন স্থানে বিক্ষোভ
![]() |
| সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার কাঠমান্ডুতে বিক্ষোভ হয়। পরে পুলিশ সাতজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে | ছবি : সংগৃহীত |
গত বছর নেপালে হওয়া রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। আজ শনিবার ভোরে নিজের বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৪ বছর বয়সী এই নেতাকে কাঠমান্ডুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে ওলিকে গ্রেপ্তারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তাঁর সমর্থকরা।
গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। মূলত দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের ক্ষোভ থেকেই এই আন্দোলন তীব্র রূপ নিয়েছিল। সেই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন সাধারণ আন্দোলনকারী।
বিক্ষোভ দমনে সরকারের ভূমিকা তদন্তে একটি প্যানেল গঠন করা হয়েছিল। সেই প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলার’ অভিযোগে বিচারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই আজ শনিবার ওলির পাশাপাশি রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওলির বয়স এবং দুইবার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নেপালে এই নাটকীয় গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মাত্র একদিন আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ বছর বয়সী র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন শাহ।
সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হননি। তবে ওলি এর আগেই তদন্ত কমিটির এই প্রতিবেদনকে ‘চরিত্রহনন এবং ঘৃণার রাজনীতি’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।

Comments
Comments