ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদ কারাগারে
![]() |
| আদালত থেকে ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকে কারাগারে নেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এই আদেশ দেন।
আদালত থেকে কারাগারে যাওয়ার পথে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আপেল সাংবাদিকদের কাছে দাবি করেন, কোনো অপরাধ ছাড়াই কেবল আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘জুলুম-নির্যাতন করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। দেশের মানুষ ভালো নেই, ১৮ কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যার ডাকের অপেক্ষায় আছে।’
এর আগে গত শুক্রবার সকালে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে আপেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় শনিবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বাদী হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগ থানার গোলাপ শাহ মাজার সংলগ্ন মসজিদের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। তাঁরা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে সবাই পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আপেল মাহমুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, তবে বাকিরা পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামিদের নির্দেশে ও আর্থিক সহায়তায় তাঁরা জনমনে আতঙ্ক তৈরি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, তদন্ত কর্মকর্তা আপেল মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। আসামিপক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।

Comments
Comments