[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন মেলেনি

প্রকাশঃ
অ+ অ-
সেলিনা হায়াৎ আইভী | ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে (এজাহার) আইভীর নাম নেই। এজাহারকারী অয়ন ওসমান ও আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাঁকেও চিনতেন এবং তাঁর নাম উল্লেখ করতেন। তিনি দাবি করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন।

আইনজীবী আওলাদ হোসেন আরও জানান, প্রথম পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত বছরের ৯ নভেম্বর উচ্চ আদালত আইভীকে জামিন দেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত আছে। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। পরে আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, যেগুলোর এজাহারেও তাঁর নাম ছিল না। গত ২৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করলে সেদিন রাতেই তদন্তকারী কর্মকর্তা তাঁকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর ভাই ওয়াজেদ আলী সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।

গত ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন