জাবি হলের কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]() |
| মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আশুলিয়া থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহত অরুপ রতন (কনিস্ক মাঝি) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাষারা এলাকায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক প্রথম আলোকে জানান, হলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হবে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ ঘণ্টা আগে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিহত শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। ঈদের ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে গেলেও অরুপ রতন হলে ছিলেন। আজ সহপাঠীরা মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। পরে অরুপের কক্ষের সামনে গিয়ে দেখেন, কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ। হলের কয়েকজন শিক্ষার্থী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কক্ষের জানালার কাচ ভেঙে দেখতে পান, অরুপের মরদেহ ঝুলছে। এরপর আশুলিয়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আজ বেলা সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, শেরে বাংলা হলের চারতলায় ৪১৩ নম্বর কক্ষের সামনে শিক্ষার্থীদের ভিড়। অনেকেই অরুপ রতনের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহটি ছাদের সঙ্গে লাগানো বৈদ্যুতিক পাখায় ঝোলানো কালো দড়িতে ঝুলছে। পাশে একটি টেবিলে খাতা ও দুটি মুঠোফোন রাখা আছে। টেবিলের পাশে একটি চেয়ার ও কিছু জামাকাপড় পড়ে রয়েছে।
নিহতের বন্ধু মো. হিমেল বলেন, ‘হলে প্রথম দিন আমরা একসঙ্গে উঠেছিলাম। কখনো ঝামেলা হয়নি। সে খুব ভালো মনের মানুষ। এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, ভাবতেই পারিনি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হলে এসে পুলিশকে জানানো হয়। পরে প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন ও শিক্ষার্থীরা মরদেহ নামানোর ব্যবস্থা করেন। অরুপের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

Comments
Comments