জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ
| স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
বিরোধী দলকে লিখিতভাবে উপ-অধ্যক্ষ বা ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো নিয়ম না থাকলেও জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এই প্রস্তাব জামায়াতেরও উদার মনে গ্রহণ করা উচিত।
শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা এই সংসদকে স্মরণীয় করে রাখতে চাই।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নিয়ম আছে। সেই অনুযায়ী তিনি ভাষণ দেবেন।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
প্রশিক্ষণার্থী হিসেবে অন্য সংসদ সদস্যদের সারিতে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।
ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত প্রতিনিধিদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি।
Comments
Comments