[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে পুলিশকে কামড় দিয়ে আসামি ছিনতাই, পরে ৫ জন আটক

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে হঠাৎ ভিড় তৈরি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার নিজমাওনা গ্রামে এই ঘটনা ঘটে। তবে ঘটনার আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে ওই দুই আসামিসহ আরও তিনজনকে আটক করেছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মনির হোসেন (৪৫) ও মো. আদিল (২২)। তাঁরা টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি। তাঁদের সঙ্গে আটক হওয়া বাকি তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন তাঁরা। নিজমাওনা গ্রাম থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে সড়ক দিয়ে নিয়ে আসার সময় হঠাৎ স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে মিছিল শুরু করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘আসামি গ্রেপ্তার করার পর লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুনরায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, মূল আসামিসহ মোট পাঁচজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন