[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় ভ্যান ছিনতাই করতে গিয়ে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি  | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার চাটমোহরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ইমরান হোসেনকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে নিহত ইমরানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইমরান উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার চাচাতো ভাই সুমন হোসেন (২০) ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরানের অটোভ্যানটি ভাড়া নেন তার চাচাতো ভাই সুমন। এ সময় তার সঙ্গে আরও দুজন ছিলেন। ভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তারা চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। এরপর রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইমরানকে মারধর শুরু করেন তারা। একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পাশের ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেন অভিযুক্তরা।

এদিকে ইমরান বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাজারে এসে তারা জানতে পারেন যে চাচাতো ভাই সুমনসহ তিনজনকে নিয়ে ভাড়ায় গিয়েছিলেন ইমরান। পরে তারা সুমনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় সন্দেহ হয়। এ অবস্থায় তাদের থানায় নিয়ে আসা হলে তারা ইমরানকে হত্যার কথা স্বীকার করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, নিহত ইমরানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত সুমনসহ তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন