[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

প্রকাশঃ
অ+ অ-
ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন গভর্নরের নিয়োগ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় টিআইবি  | ছবি: পদ্মা ট্রিবিউন   

বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া গভর্নরের ক্ষেত্রে স্বার্থের বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এই নিয়োগ বাতিলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থাটি।

ইফতেখারুজ্জামান বলেছেন, এই নিয়োগের ফলে বাংলাদেশ ব্যাংক তদারকি সংস্থা হিসেবে তার দায়িত্ব পালনের সুযোগ হারাবে। তাই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়া আগামী পাঁচ বছরের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নতুন সরকারের কাছে নিজেদের সুপারিশ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের দেশে ফেরার বিষয় নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ইফতেখারুজ্জামান বলেন, এর পেছনে যদি কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়ার ষড়যন্ত্র থাকে, তবে সেটি আরও গুরুতর বিষয়। এই ক্ষেত্রে সরকারের উচিত হবে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, নিয়োগের মাধ্যমে যদি লুটপাটের জন্য দায়ী শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা হয়, তবে সেটি রাষ্ট্রের জন্য মোটেও ভালো হবে না। তিনি বর্তমান গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন কাউকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রশাসনের বিভিন্ন পদে জোর করে রদবদল নিয়ে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘এবার আমাদের পালা’—এমন সংস্কৃতি যদি সরকার ঠেকাতে না পারে, তবে তা সরকারের জন্যই ক্ষতিকর হবে। কারণ, সরকারের একটি ভুল পদক্ষেপ প্রতিপক্ষকে সুযোগ করে দেবে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকারের কিছু পদক্ষেপ মানুষের মনে আশা জাগিয়েছে, তবে কিছু ঘটনা উদ্বেগজনক। একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধ বলেন কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে এবং দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, তখন বোঝা যায় সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও অনেক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন