[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাউফলে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-
পটুয়াখালীর বাউফলে মন্দিরে কালীপ্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা সদরের ভুবন সাহার কাচারি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পটুয়াখালীর বাউফলে একটি মন্দিরের কালীপ্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবন সাহার কাচারি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাউফল থানায় মামলা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি।

বগা-বাউফল সড়কের পাশে ৫ শতাংশ জমির ওপর অবস্থিত দুই কক্ষের টিনশেড এই মন্দির। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, মন্দিরের সামনের অংশ খোলা। এক পাশের কক্ষে কালীপ্রতিমা এবং অন্য পাশে শীতলাপ্রতিমা রয়েছে। কালীপ্রতিমাটির মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে।

মন্দির সংলগ্ন চায়ের দোকানি সবুজ শরীফ জানান, রাত সাড়ে নয়টার দিকে তিনি পানির জন্য মন্দিরের পাশের পুকুরে গিয়েছিলেন। তখন টর্চের আলোতে কালীপ্রতিমার মাথাটি মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে তিনি কমিটির সভাপতিকে খবর দেন।

সভাপতি অনিল চন্দ্র গণপতি বলেন, খবর পেয়ে তিনি দ্রুত মন্দিরে আসেন এবং পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে। পুলিশের পরামর্শে রাতেই তিনি বাদী হয়ে মামলা করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শতবর্ষী এই মন্দিরটিকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। আগে কখনও এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের ধারণা, বাইরের কোনো দুর্বৃত্ত গোষ্ঠী পরিকল্পিতভাবে এলাকায় বিশৃঙ্খলা তৈরির জন্য এই কাজ করেছে।

বাউফল উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন, ‘পূজা শেষ হওয়ার পর এভাবে অরক্ষিত অবস্থায় প্রতিমা রাখা ঠিক নয়। যদি রাখতেই হয়, তবে তা সঠিকভাবে দেখভাল করা উচিত। এরপরও প্রতিমা ভাঙচুরের এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীপ্রতিমা ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন