দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
![]() |
| দিনাজপুরে আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাস। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসচালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে সকাল ছয়টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ছয় যাত্রী আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তিদের একজন মোশাররফ হোসেন ওরফে বাবু (৫৭), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্যজন বাসচালকের সহকারী আজিজুল ইসলাম (২৫), দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে পঞ্চগড় থেকে হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে বাসটি বিরামপুরের চণ্ডীপুর এলাকায় পৌঁছালে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকের সহকারী রাজিউল ইসলাম ও যাত্রী মোশাররফ হোসেনের মৃত্যু হয়। আহত ছয়জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘সকাল ছয়টার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।’

Comments
Comments