[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

প্রকাশঃ
অ+ অ-
শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে | ছবি: সংগৃহীত

শরীয়তপুরের তিনটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে এবং সড়কে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই ভিডিও প্রকাশিত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা মামলা ও হামলার শিকার হয়ে আত্মগোপনে চলে যান। অনেকেই কারাগারে যান। এরপর দলটির প্রকাশ্যে কোনো কর্মসূচি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের ১৫ আগস্ট শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও জাজিরা উপজেলার সাবেক চেয়ারম্যান মোবারক আলী সিকদারের বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। এরপর প্রকাশ্যে আর কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে আত্মগোপনে থাকা নেতা–কর্মীরা বিভিন্ন সময়ে রাতের আঁধারে সড়ক অবরোধ, মিছিল ও পোস্টার লাগানোর মতো কর্মসূচি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা যাঁরা কোনো মামলার আসামি নন, তাঁদের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা আছে। নির্বাচনের পর জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিয়ন কার্যালয় খোলা হয়েছে। ওই সব কার্যালয়ে এখনো কেউ নিয়মিত বসছে না। তবে শিগগিরই প্রকাশ্যে কার্যক্রম চালানো হবে।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘দলীয় কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন চালিয়েছে—এমন তথ্য আমাদের কাছে নেই। তবে একটি ভিডিও আমাদের নজরে এসেছে, তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন