তারেক রহমানকে ‘ঈদ মোবারক’ জানালেন নরেন্দ্র মোদি
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ছবি: কোলাজ |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় মোদি বলেন, ‘ঈদ মোবারক’। তিনি আরও যোগ করেছেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাই।’
৩০ দিন রোজা রাখার পর আগামী শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে।
রমজানের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, ‘এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেছেন।’
ঈদকে নিয়ে তিনি আরও বলেন, ‘ঈদুল ফিতরের উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং একসঙ্গে থাকার চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।’
দুই দেশের সম্পর্ক আরও উন্নতির আশা প্রকাশ করে মোদি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও শক্তিশালী হোক।’

Comments
Comments