[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধরা পড়ল পাঁচ মণ বোল মাছ, এক ঘণ্টায় বিক্রি শেষ

প্রকাশঃ
অ+ অ-
পাঁচ মণ ওজনের বোল মাছটি | ছবি: পদ্মা ট্রিবিউন   

সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় পাঁচ মণ ওজনের একটি বিশাল বোল মাছ টেকনাফে কেটে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি মাছ ২ হাজার টাকা দরে বিক্রি হয়। বিশাল এই মাছটি বিক্রি করতে মাত্র এক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মাছটির ওজন ছিল ৫ মণ ৫ কেজি (২০৫ কেজি)। কাটার পর প্রায় ২০০ কেজি মাছ পাওয়া যায়। এতে সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকা বিক্রি হয়েছে। মাছটি কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল ইসলাম। তাঁরা গত বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুছার আড়ত থেকে ২ লাখ ৫৫ হাজার টাকায় মাছটি কেনেন।

মৎস্যজীবী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শীলেরকুম এলাকায় জাল ফেলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. নাছির ও কায়সার উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার। বিকেলে অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই বোল মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি নিয়ে টেকনাফ পৌরসভার লামার বাজারের আড়তে আসেন।

জেলেরা শুরুতে মাছটির দাম ৩ লাখ টাকা চেয়েছিলেন। পরে কয়েকজন ব্যবসায়ীর মধ্যে প্রতিযোগিতা শুরু হলে শেষ পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ১ হাজার ২৫০ টাকা।

শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারে মাছটি কেটে বিক্রি করা হয়। বেলা দুইটার দিকে ছয়জন শ্রমিক রশি দিয়ে বাঁধা বিশাল এই মাছটি কাঁধে করে বাজারে নিয়ে আসেন। এ সময় শত শত মানুষ মাছটি দেখতে ভিড় করেন। অনেকে মুঠোফোনে মাছটির ছবি ও ভিডিও তুলে রাখেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাফর জানান, প্রথমে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত ছিল। কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ দেখে দাম বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়। এরপরও ক্রেতাদের মধ্যে কে আগে কিনবেন—তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এর ফলে মাত্র এক ঘণ্টার মধ্যেই পুরো মাছটি বিক্রি হয়ে যায়।

তিনি আরও জানান, মাছটি বিক্রি করে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা আয় হয়েছে। তবে শ্রমিক ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৪৫ হাজার টাকা বাদ দিলে নিট লাভ থাকবে প্রায় ১ লাখ টাকা।

টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ সিরাজ ৮০ হাজার টাকায় এক মণ (৪০ কেজি) বোল মাছ কিনেছেন। তিনি বলেন, ‘বোল মাছ খুব সুস্বাদু। এটি সবসময় পাওয়া যায় না, আবার এত বড় মাছও খুব কম ধরা পড়ে। তাই একসঙ্গেই এক মণ কিনে নিয়েছি। নিজেরা খাওয়ার পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও দেব।’

পৌরসভার ডেইলপাড়ার ব্যবসায়ী কামাল উদ্দিন পাঁচ কেজি মাছ কিনেছেন। তিনি জানান, বোল মাছের স্বাদ অন্যরকম। রাতে মাইকিং শুনেই পাঁচ কেজি মাছ কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর মতে, টেকনাফে বড় বোল মাছ প্রতি কেজি ২ হাজার টাকায় বিক্রি হওয়ার উদাহরণ আগেও আছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, এত বড় বোল মাছ খুব কমই জালে ধরা পড়ে। সেন্ট মার্টিনের প্রবাল ও পাথুরে এলাকায় এই মাছের বিচরণ বেশি। অনুকূল পরিবেশে একটি বোল মাছের ওজন ৯ থেকে ১০ মণ পর্যন্ত হতে পারে। এই মাছ খেতেও বেশ সুস্বাদু। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন