[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণতন্ত্রের কাঙ্ক্ষিত যাত্রা শুরু হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করলেন।

অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। এরপর বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর সূচনা বক্তব্য দেন সংসদ নেতা তারেক রহমান। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি আপস করেননি।” এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। দল-মত নির্বিশেষে আমি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য।” তিনি আরও মন্তব্য করেন যে, স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না এবং আসলে কোনো বিরোধ নেই। এ সময় তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

সংসদ নেতাসহ অধিবেশন কক্ষ যখন পরিপূর্ণ, তখন স্পিকারের আসনটি খালি ছিল। সংসদের প্রথম অধিবেশন হওয়ায় স্পিকারের আসনের পাশে রাষ্ট্রপতির আসনটি রাখা হয়।

সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন পরিচালনার জন্য প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন। তাঁর এই প্রস্তাবে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণ সমর্থন জানান।

এরপর সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এই অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নামের প্রতি সমর্থন জানান। তবে তিনি বলেন, আমরা এই নামের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে প্রস্তাবটি নিয়ে আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করলে ভালো হতো।

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এতে সায় দিলে সরকারি দলের প্রথম সারি থেকে খন্দকার মোশাররফ হোসেন উঠে সভাপতির আসনে বসেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন