বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
![]() |
| সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সকালে | ছবি: সংসদের সৌজন্যে |
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর পর স্পিকার ও ডেপুটি স্পিকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তাঁরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকার কথা উল্লেখ করে বিরোধী দলের প্রতি নিজের সহনশীল অবস্থানের কথা জানান স্পিকার। তিনি বলেন, সংসদ পরিচালনায় তাঁর ভূমিকা হবে ক্রিকেট খেলার বিচারকের মতো নিরপেক্ষ।
সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্র জায়গা, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ধারণ করে। এখানে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। এ সময় স্পিকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।
স্পিকার আরও বলেন, গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেওয়ার সেই লড়াইয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
![]() |
| সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সকালে | ছবি: সংসদের সৌজন্যে |
সংসদ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার একটি সুখী ও উন্নত রাষ্ট্র গড়ে তুলবে। আর সংসদ হবে সেই কাজের মূল কেন্দ্র।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। এ সময় তিনি আশ্বস্ত করেন যে, বিরোধী দল সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ পাবে।
![]() |
| সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সকালে | ছবি: সংসদের সৌজন্যে |
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামালও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।



Comments
Comments