গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মিছিল
![]() |
| মেহেরপুরের গাংনী পৌর শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোল ও সভা পণ্ড হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেলে গাংনী শহরে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। এর জবাবে সন্ধ্যায় পাল্টা মিছিল করেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য (মেহেরপুর-২) ও জামায়াত নেতা নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা চলাকালে বেলা ১১টার দিকে আসাদুজ্জামান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইনের ওপর হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সভাটি পণ্ড হয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুপুরের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং মোড়ে মোড়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা গেছে, সভা চলাকালে হঠাৎ ১৫-২০ জনের একটি দল মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করে। একপর্যায়ে মিছিলকারীরা সরাসরি হলরুমের ভেতরে ঢুকে পড়লে তীব্র হট্টগোল শুরু হয় এবং সভাটি পণ্ড হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।
এই ঘটনার প্রতিবাদে বিকেল চারটার দিকে গাংনী শহরে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে বিএনপি নেতা আসাদুজ্জামানের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে জামায়াতের মিছিলে আসাদুজ্জামানের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে সন্ধ্যায় শহরে পাল্টা মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে বাসস্ট্যান্ডে আয়োজিত এক সমাবেশে আসাদুজ্জামান বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে যারা শহরে মহড়া দিয়েছে এবং বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

Comments
Comments