[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডিলার শ্বশুরের সঙ্গে যোগ, জামাতার বাড়িতে মিলল অবৈধ ডিজেল

প্রকাশঃ
অ+ অ-
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজার কলতা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ডিজেল পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

শ্বশুর জ্বালানি তেলের পরিবেশক । তাঁর কাছ থেকে ডিজেল নিয়ে জামাতা নিজের বাড়িতে অবৈধভাবে মজুত করেছেন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজার কলতা এলাকায় এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে অবৈধভাবে তেল মজুত করার দায়ে জামাতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আসাদুজ্জামান। জরিমানা পাওয়া ব্যক্তির নাম নয়ন হোসেন (২৮)। তাঁর বাড়ি উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামে।

অধিদপ্তরের জেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানিকগঞ্জে গ্যাস ও তেল বিক্রয় কেন্দ্রগুলোতে কম পরিমাণে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। কোনো কোনো কেন্দ্র অধিকাংশ সময় তেল বিক্রি বন্ধ রাখছে। এই পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল অবৈধভাবে মজুত করছেন।

এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বেলা একটার দিকে হরিরামপুরের রাজার কলতা এলাকায় নয়ন হোসেনের বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ড্রামের ভেতর ডিজেল পাওয়া যায়। ওই বাড়িতে ২০টি তেলের ড্রাম ছিল। তবে অভিযানের সময় ৮০ লিটার তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় নয়ন হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জিজ্ঞাসাবাদে নয়ন জানান, তাঁর শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার তেলের পরিবেশক। শ্বশুরের দেওয়া তেল তিনি নিজের বাড়িতে এনে বিক্রি করছিলেন।

মো. আসাদুজ্জামান বলেন, শ্বশুরের ডিজেল জামাতার বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। বেশি দামে এসব ডিজেল বিক্রি করা হতো। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন