[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরিশাল সিটিতে ঈদের আগে বেতন-বোনাস দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, একাত্মতা মনীষার

প্রকাশঃ
অ+ অ-
ঈদের আগে বেতন ও ঈদ বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতিতে এতাত্মতা জানিয়ে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন তাঁরা। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

সমাবেশে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা অভিযোগ করেন, তাঁরা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের জন্য আলাদা অর্থ দেওয়া হলেও এবার ঈদের আগে শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনো বোনাস বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। এমনিতেই কম বেতনে চাকরি করে পরিবার নিয়ে টানাপোড়েনের মধ্যে সংসার চালাতে হচ্ছে, বোনাস না দেওয়ায় ঈদের উৎসব তো দূরে থাক, পরিবার-পরিজনের মুখে এক বেলা ভালো খাবার তুলে দেওয়াও সম্ভব হবে না।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ঈদের আগে তাঁদের ন্যায্য পাওনাটুকুও দেওয়া হচ্ছে না। ২৭ রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ না করা হলে সড়ক অবরোধসহ নানা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। পরিচ্ছন্নতাকর্মী রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের সময় যদি বোনাস না পাই, তবে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায় হবে।’

সমাবেশের আগে কর্মচারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চকবাজার ও গির্জামহল্লা সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তাঁরা বলেন, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় তাঁরা পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আলেয়া বেগম নামের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘এমনিতেই কম বেতনের চাকরি। সংসার চালানোই এখন কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকলে আমাদের সন্তানদের নিয়ে ঈদ করব কী দিয়ে?’

সিটি করপোরেশন সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে সরকারি আদেশ (গেজেট) প্রকাশ করা হয়। কিন্তু ওই আদেশে উল্লেখ করা হয়, মজুরিভিত্তিক শ্রমিকেরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের নেতা সাইদুল জানান, দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। তিনি বিষয়টি সমাধানের জন্য সময় চেয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে সংশয় ও অসন্তোষ কাটছে না।

পরিচ্ছন্নতাকর্মীদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছেন বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। সমাবেশে তিনি বলেন, ঈদের বাকি মাত্র ১০ দিন। এই সময় ঈদের কেনাকাটা কীভাবে হবে, সেই প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলো, সেই সময়ে পরিচ্ছন্নতাকর্মীরা রাজপথে। তাঁরা সামান্য বেতন পান, তা দিয়ে নিজের বা পরিবারের জন্য ভালো কিছু কেনার কথা ভাবতেও পারেন না। শুধু সন্তানদের জন্য একটু কাপড় এবং একটু ভালো খাবারের জন্যই তাঁরা এই লড়াইয়ে নেমেছেন। কিন্তু সরকারি আদেশের অজুহাতে আজ এই গরিব পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের আনন্দকে ম্লান করে দেওয়ার চেষ্টা হচ্ছে।

মনীষা বলেন, ‘প্রতিদিন যে মানুষগুলো আমাদের এই শহরকে পরিষ্কার করেন তাঁদের জীবন ও অধিকার নিয়ে যুগ যুগ ধরে ছিনিমিনি হচ্ছে। বছরের পর বছর চাকরি করলেও তাঁদের স্থায়ী করা হয়নি। এখন তাঁদের সামান্য বোনাসের টাকাটাও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা করতে দেওয়া হবে না। ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন