শাহজালাল (রহ.)-এর দরগাহে সারজিস আলমের স্লোগান, সিলেটে বিতর্ক
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে একের পর এক স্লোগান দিতে এবং উপস্থিত হাজারো মানুষকে তাতে কণ্ঠ মেলাতে দেখা যায়।
বুধবার রাতের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সিলেটে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পবিত্র স্থানের ভাবগাম্ভীর্য ও আদব নষ্ট করা হয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এনসিপি নেতাদের দাবি, সাধারণ তরুণদের (জেন-জি) অনুরোধেই এই স্লোগান দেওয়া হয়েছে এবং এতে ভাবগাম্ভীর্য নষ্ট হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সিলেটে আসেন। তারাবিহর নামাজ শেষে তাঁরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন উপস্থিত জনতা স্লোগান দিতে শুরু করেন। এ সময় অন্য নেতারা বেরিয়ে গেলেও সারজিস আলম দরগাহের ভেতরে নারীদের ইবাদতখানার ছাদে দাঁড়িয়ে স্লোগান ধরেন। ভিডিওতে তাঁকে ‘ইনকিলাব ইনকিলাব’, ‘নারায়ে তাকবির’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা রাজনৈতিক ও বিপ্লবী স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে এনসিপি সিলেট মহানগরের সদস্যসচিব কিবরিয়া সরওয়ার বলেন, ‘তারাবিহ শেষে প্রচুর জেন-জি সেখানে জড়ো হয়েছিলেন। তাঁদের দেখে সারজিস আলম স্লোগান দেন। কোনো ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়নি, বরং উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা হচ্ছে।’
অন্যদিকে, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী (কিম) ফেসবুকে লিখেছেন, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে আদব নষ্ট করেনি। মহিলা ইবাদতখানার উপরে উঠে সারজিস আলমের এমন আচরণ সুফি দরগাহের রীতির বিরোধী।
মাহতাব শাহ ফকির নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। আধ্যাত্মিক পরিবেশে এ ধরনের অপ্রাসঙ্গিক কর্মকাণ্ড কখনোই মানানসই নয়।

Comments
Comments