ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে নবজাতক উদ্ধার
![]() |
| নবজাতক | প্রতীকী ছবি |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক মহাসড়কের পাশে ধানখেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার খৈরাটি গ্রামের একটি ধানখেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর সড়কের পাশের ধানখেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। তিনি বিষয়টি আশপাশে জানালে স্থানীয় ব্যাটারিচালিত রিকশাচালক (ইজিবাইকচালক) হালিম মিয়া নবজাতকটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নবজাতক মেয়েটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে ভর্তি আছে।
নবজাতকটিকে প্রথমে উদ্ধার করা হালিম মিয়া বলেন, ধানখেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কাঁদছিল। এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে তিনি নবজাতককে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তাকে নতুন কাপড় পরিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা আবু হুযাইফা বলেন, ‘সন্ধ্যার পর খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে হাসপাতালে পাঠান। খোঁজখবর নিয়েছি, বর্তমানে শিশুটি সুস্থ আছে। আমরা চাই নবজাতককে এমন কারও কাছে দেওয়া হোক, যাঁর কাছে সে ভালোভাবে বেড়ে উঠে একজন আলোকিত মানুষ হতে পারবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা সনজিৎ মোদক বলেন, হাসপাতালে আনার পর নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাধারণ কক্ষে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। তাঁদের ধারণা, উদ্ধারের তিন থেকে চার ঘণ্টা আগে শিশুটি জন্ম নিয়েছে।
উদ্ধারের পর নবজাতকটিকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি বলেন, হাসপাতালে শিশুটির প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments
Comments