ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, ফরিদপুরে আটক ১
![]() |
| আটক সাইফুল ইসলাম | ছবি : সংগৃহীত |
ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৬)। তিনি একই গ্রামের বাসিন্দা, তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ওই এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি মাঝে মধ্যে স্থানীয় বিরোধ বা বিবাদ মীমাংসা করেন। তবে তিনি বিএনপির কোনো পদে নেই।
ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ খান জানান, সাইফুল ইসলাম কেশবনগর গ্রামের কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৭০০ থেকে এক হাজার টাকা করে আদায় করেছেন। ভুক্তভোগীরা তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করলে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে তারা সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং জানান, তিনি না বুঝে এমন কাজ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগের ভিত্তিতে একজনকে থানায় আনা হয়েছে। যেসব ব্যক্তি তার দ্বারা প্রতারিত হয়েছেন, তাদের খবর দেওয়া হয়েছে। তারা যদি মামলা করেন, তাহলে সেই মামলায় মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Comments
Comments