সাতক্ষীরায় বিকাশ কর্মীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
![]() |
| ছিনতাই | প্রতীকী ছবি |
সাতক্ষীরার কালীগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ পরিবেশকের (ডিস্ট্রিবিউটর) কর্মীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় ওই কর্মী গুরুতর আহত হয়েছেন। অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের পশ্চিম মৌতলা গ্রামের মো. মোকলেছুর রহমান (৩৫) বিকাশ পরিবেশকের কর্মী হিসেবে কাজ করেন। রোববার বেলা তিনটার দিকে তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁকে আটকে হামলা চালায়। দুর্বৃত্তরা রড দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করে। এতে তিনি পড়ে গেলে তাঁকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ১০ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
মোকলেছুর মাথায় গুরুতর আঘাত পেয়ে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের মালিক জাকির হোসেন লস্কর বলেন, তাঁর কর্মী মোকলেছুর রহমান বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। তাঁর কাছে প্রায় ১০ লাখ টাকা ছিল। পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সেই টাকা নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Comments
Comments