[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ববিতে চাঁদা না দেওয়ায় কাজ বন্ধের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ঠিকাদার

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নির্মাণে ছাত্রদল নেতারা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন। সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের সামনে সড়ক ও ড্রেন নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগে কাজ বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঠিকাদার আওলাদ হোসেন এই দাবি জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার এবং নগর বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সভাপতি।

লিখিত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। কিন্তু ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে চাঁদা না দেওয়ায় গত ১ মার্চ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন (শান্ত), ছাত্রদল নেতা আজমাইন সাকিব এবং সাবেক সভাপতি রেজা শরিফ।

ঠিকাদার আরও জানান, গত রোববার বিকেলে কাজের বিষয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে ফেরার সময় আজমাইন সাকিব ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তাঁকে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তিনি উপাচার্যের কক্ষের পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আওলাদ হোসেন বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

এদিকে ছাত্রদল নেতা আজমাইন সাকিব গত শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ কারণেই শিক্ষার্থীরা কাজ বন্ধ করে দিয়েছেন এবং মানসম্মত পাথর ব্যবহারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদার বিভিন্ন নেতাকে দিয়ে তাঁর কাছে নালিশ পাঠিয়েছিলেন। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঠিকাদারকে শুধু ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, ‘একটি নজরদারি দল (ভিজিলেন্স টিম) নির্মাণসামগ্রী পরীক্ষা করে ভালো মান পেয়েছে। তাই কাজ বন্ধ রাখার কোনো কারণ নেই। আলোচনা করে দ্রুত কাজ শুরুর চেষ্টা চলছে।’

উল্লেখ্য, এই ঘটনায় ঠিকাদার আওলাদ হোসেন বাদী হয়ে বরিশাল বন্দর থানায় ছাত্রদল নেতা রেজা শরিফ, আরিফ হোসেন ও আজমাইন সাকিবসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন